বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:২৯ পিএম

অনলাইন সংস্করণ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংগঠক সৈয়দা তৈয়বা বানু আর নেই

ছবি: বাংলাধারা

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংগঠক সৈয়দা তৈয়বা বানু আর নেই। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সৈয়দা তৈয়বা বানু ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আইনজীবী মরহুম সৈয়দ ফজলুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। তার জন্ম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রামশিরী জমিদার পরিবারে। তিনি রাজনৈতিক, সামাজিক ও শিক্ষিত অভিজাত এক পরিবারে বেড়ে ওঠেন। তার মামা বর্তমান হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মাদ ফয়সাল। এছাড়া তার বড় খালু ছিলেন দেশের প্রখ্যাত সাংবাদিক, ডেইলি অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হামিদুল হক চৌধুরী।

ব্যক্তিগত জীবনে তিনি সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আতাউল বারীর সহধর্মিণী ছিলেন। আশির দশক থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি নীরব কিন্তু নিবেদিত কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

তিনি এক কন্যা সন্তানের জননী। তার একমাত্র কন্যা সৈয়দা সাবিনা ইয়াসমিনের স্বামী বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাবাজার পত্রিকার প্রধান বার্তা সম্পাদক সৈয়দ তারেক হাসান। মৃত্যুর সময় তার কন্যা ও জামাতা কানাডায় অবস্থান করছিলেন।

গত শুক্রবার (৩১ জুলাই) বাদ জোহর উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে উত্তরা সোসাইটি কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

বাংলাবাজার পত্রিকার শোক
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংগঠক সৈয়দা তৈয়বা বানুর মৃত্যুতে বাংলাবাজার পত্রিকা পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সম্পাদকমণ্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য কামনা করা হয়। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাবাজার পত্রিকা পরিবার মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।


বাংলাধারা/শারিমন

মন্তব্য করুন