প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১১:১৪ এ এম

অনলাইন সংস্করণ

দেশ ছাড়ার প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নতুন করে বাড়ায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। সম্ভাব্য সংঘাতের বিস্তার ও আকস্মিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে অঞ্চলটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা জারি করেছে।

মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ফলে অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের সব সময় সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরই এ সতর্কতা জারি করা হয়েছে। তেহরানের সঙ্গে চলমান আলোচনা কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি ইরানের ওপর আস্থা হারানোর কথা জানিয়ে দেশটির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও মিথ্যাচারের অভিযোগও করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্সের সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতি বিবেচনায় অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা স্থগিত করেছে। কিছু এয়ারলাইন আবার নির্দিষ্ট রুটে ফ্লাইট বাতিল করেছে। ফলে আকাশপথে যোগাযোগ ব্যবস্থায়ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাসগুলোও নিজ নিজ অবস্থান থেকে নাগরিকদের সতর্ক করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার সামরিক ঘাঁটির আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান আগে থেকেই জেনে রাখার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের পরবর্তী পদক্ষেপ অনিশ্চিত হতে পারে। ফলে অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাধারা/শারমিন
 

মন্তব্য করুন