প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান করতে হবে।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিকভাবে ২৯ অক্টোবর শিক্ষকদের যোগদানের কথা বিবেচনা করা হয়েছিল। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্তসহ বিভিন্ন প্রক্রিয়াগত কারণে যোগদানে বিলম্ব হলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষক পদায়ন সম্পন্ন করতে সরকার কাজ করছে।
তবে এক দিনের ব্যবধানেই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবরই হবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ অক্টোবর ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পদায়নের পর শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগের সব ধাপ শেষ হওয়ার পরও দীর্ঘদিন যোগদান করতে না পারায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত এপ্রিলের শেষ দিকে তারা রাজধানীতে আন্দোলনও করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের যোগদান করানো এবং পদায়নের পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানায় মন্ত্রণালয়।
এবার বিজ্ঞপ্তির মাধ্যমে যোগদানের নির্দিষ্ট তারিখ ঘোষণা করায় দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন