প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার আগেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন