বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫০ এ এম

অনলাইন সংস্করণ

গভীর রাতে রাজধানীর পথে পথে প্রধানমন্ত্রী, দেখলেন নগরসেবার হালচাল

ছবি: সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন তিনি।

আকস্মিক এই পরিদর্শনে রাজধানীর রাতের নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচলসহ নগরসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখেন তিনি।

পরিদর্শনের সময় বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেন। মূলত দিনের ব্যস্ততার বাইরে রাতের বেলায় নগরসেবা কীভাবে পরিচালিত হচ্ছে এবং মাঠপর্যায়ে কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা সরাসরি দেখতেই এ আকস্মিক পরিদর্শন বলে জানা গেছে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমানো এবং নাগরিক সেবার মান উন্নত করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। শুধু দাপ্তরিক প্রতিবেদন বা কর্মকর্তাদের দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে মাঠপর্যায়ে সরাসরি পরিস্থিতি দেখার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

এ কারণেই রাতের নগর ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বের হন প্রধানমন্ত্রী। বিশেষ করে দিনের তুলনায় রাতে পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, সড়কবাতি, ফুটপাত ও যান চলাচলের পরিস্থিতি কেমন থাকে—এসব বিষয় সরাসরি দেখার সুযোগ তৈরি হয় এই পরিদর্শনে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজনও রাতের এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় রাতে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

ওই পরিদর্শনের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। নগর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না—সরকারের পক্ষ থেকে এমন কঠোর বার্তাই তখন সামনে আসে।

এবারও গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর নগরসেবা পর্যবেক্ষণকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। মাঠপর্যায়ের বাস্তবতা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা বাড়াতেই এমন আকস্মিক পরিদর্শন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর নাগরিক সেবা নিয়ে নগরবাসীর অভিযোগ ও ভোগান্তি দীর্ঘদিনের। সড়ক, ফুটপাত, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা কিংবা পর্যাপ্ত সড়কবাতির মতো বিষয়গুলো নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। ফলে প্রধানমন্ত্রীর এই রাতের পরিদর্শন নগরসেবার মান উন্নয়নে মাঠপর্যায়ে কতটা কার্যকর পরিবর্তন আনে, এখন সেটিই দেখার বিষয়।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন