নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৭ এ এম

অনলাইন সংস্করণ

নরসিংদীতে বৃক্ষরোপণ ও কেক কাটায় মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: বাংলাধারা

বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ করে ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। পরে কলেজের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আল আমিন।

আলোচনা সভা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা মাছরাঙা টেলিভিশনের দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, আইসিটি শাখা) খালিদ হোসেন শিমুল এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ।

নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতাহার হোসেন।

এ সময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।


বাংলাধারা/আশিক/শারমিন

মন্তব্য করুন