প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএনসিসি।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ী এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর দুপুরে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। সে সময় পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করা হয়।
ডিএনসিসির অভিযোগ, একপর্যায়ে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতেই অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় নেপচুন এক্সেসরিজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন