প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। একই সঙ্গে তিনি দাবি করেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি ছিল না।
রোববার (২ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবলী বলেন, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক গণমাধ্যমের মাধ্যমে জেনেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে একই দিন দুদকের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাইদুর রহমান খান। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই ইউএইর একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে সব আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
এর আগে গত ১৬ জুন বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক। এরও আগে ১২ জুন আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক আবেদন পাঠাতে হবে।
দুদক জানায়, দুর্নীতির দুটি মামলায় আদালতের নির্দেশে ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
দুদকের অনুসন্ধানে বেনজীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিংসহ একাধিক অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিংসহ মোট ছয়টি মামলার তদন্ত চলছে। একই সঙ্গে তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, তদন্তে বেনজীর ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমিসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন