প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিরাম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জুলাই রেজুলেশন অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, “আপনাদের আবেগ ও দাবির প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নই সরকারের অন্যতম অঙ্গীকার। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আহতদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছেন। তবে দীর্ঘ ১৬ বছরের শাসনের প্রভাব অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিএনপিও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে। দলের চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং হাজারো মানুষ গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। গণতন্ত্র ও বাংলাদেশকেন্দ্রিক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সম্মেলনে বক্তব্য দিতে উঠলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন