প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আদান-প্রদান হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, "প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।"
সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, তারা তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরিচালনা করছে। বাংলাদেশ সরকারও এ বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা অব্যাহত রেখেছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী করণীয় বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন