প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ কোটি ১০ লাখ ডলার, যা প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সমান।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। ফলে টানা দ্বিতীয় মাসও ২৮০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এলো।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে বৈধ চ্যানেলে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। তাদের মতে, এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে।
বাংলাধারা/শারিমন
মন্তব্য করুন