বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৭ এ এম

অনলাইন সংস্করণ

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক শোকবার্তায় তারা নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন তারা।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের পরিচয় শনাক্ত করা, মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং দেশে মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়াসহ প্রয়োজনীয় কার্যক্রমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে রিয়াদে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে একসঙ্গে এত বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও অগ্নিকাণ্ডের বিস্তারিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন