প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
রোমাঞ্চকর স্টান্ট করতে গিয়েই বিপাকে পড়লেন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিংয়ে একটি ঝুঁকিপূর্ণ ওয়াটার স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য নিজের সাম্প্রতিক কোনো ঘটনাই মনে করতে পারছিলেন না এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ফোরাম’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত শোটির একটি প্রমোতে জেসমিনকে কঠিন একটি পানির স্টান্টে অংশ নিতে দেখা যায়। স্টান্ট চলাকালে হঠাৎ পানিতে পড়ে যান তিনি। পরে স্টান্ট শেষ করলেও আচমকাই দেখা দেয় অস্বাভাবিক পরিস্থিতি, তিনি আগের কিছু ঘটনা মনে করতে পারছিলেন না।
ঘটনাটি ঘটার পরপরই শুটিং সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মী থেকে শুরু করে শুটিংয়ে থাকা অন্য কলাকুশলীরাও জেসমিনের শারীরিক অবস্থার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা সময় লাগে। তবে স্বস্তির বিষয় হলো, স্মৃতিশক্তি হারানোর ঘটনাটি স্থায়ী ছিল না। অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন অভিনেত্রী।
শোর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পরের কঠিন পরিস্থিতিতেও জেসমিন যথেষ্ট ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। যদিও স্টান্টের সময় ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল এবং তার কতটা শারীরিক ক্ষতি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য পরিচিত ‘খতরোঁ কে খিলাড়ি’। শুটিংয়ের সময় প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের দাবি থাকলেও এই শোতে দুর্ঘটনা কিংবা চোটের ঘটনা নতুন নয়। এর আগে আরেক প্রতিযোগী গৌরব খান্না পিঠে আঘাতের চিহ্ন প্রকাশ্যে এনে শুটিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
জেসমিনের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ঝুঁকিপূর্ণ স্টান্টে প্রতিযোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে জেসমিনের দুর্ঘটনার পুরো দৃশ্য এবং স্টান্টের সময় আসলে কী ঘটেছিল, তা এখনো প্রকাশ্যে আসেনি। দর্শকদের সেই ঘটনার বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ‘খতরোঁ কে খিলাড়ি’র আগামী পর্বের জন্য।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন