প্রকাশিত: ২১ আগষ্ট, ২০২৬, ০৬:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত ফল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোট পড়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফল ঘোষণার সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। ভোটগ্রহণের সময় বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।
ভোটের ফল ঘোষণা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের অন্যান্য সদস্যরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এর আগে সকাল থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দেওয়ার আগে প্রত্যেক সংসদ সদস্য ব্যালটে পূর্ণ নাম স্বাক্ষর করেন।
ভোটগ্রহণের শুরুতে সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোট দেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটের প্রক্রিয়া ফিরে এলো। সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পথ সুগম করলেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন