প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। জনসমাগমপূর্ণ এসব এলাকায় শিশু নিয়ে আসা মায়েদের নিরাপদ ও নিরিবিলি পরিবেশে বুকের দুধ পান করানোর সুযোগ দিতে কর্নার দুটি স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কর্নার দুটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এগুলো স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকা প্রয়োজন। অনেক মা জনসমক্ষে শিশুকে বুকের দুধ পান করাতে অস্বস্তিবোধ করেন। আবার কোথাও উপযুক্ত ও নিরিবিলি জায়গা না থাকায় প্রয়োজনের সময় শিশুকে দুধ পান করানো সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে কর্নারগুলো স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন এখানে বিপুলসংখ্যক দর্শনার্থী আসেন। তাদের মধ্যে অনেক মা শিশুদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক জায়গার প্রয়োজন ছিল।
মেয়র বলেন, শিশুর জীবনের প্রথম ছয় মাস মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে মায়ের দুধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মায়েরা যাতে নির্বিঘ্নে শিশুকে বুকের দুধ পান করাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা দরকার।
তিনি জানান, কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও পতেঙ্গাসহ নগরীর আরও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিয়াউল হক পলাশ বলেন, কেন্দ্রীয় কারাগারের সামনে কর্নারটি স্থাপনের সময়ই সেখানে শিশু নিয়ে আসা মায়েদের প্রয়োজনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নির্মাণকাজে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তারা জানতে পারেন, অনেক মা সেখানে এসে সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য কয়েক মিনিটের জন্য জায়গা দিতে অনুরোধ করতেন।
তিনি বলেন, মায়েদের জন্য নিরাপদ ও নিরিবিলি জায়গার প্রয়োজনীয়তা থেকেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ ধরনের কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্রিজ এলাকায় স্থাপিত একটি ব্রেস্ট ফিডিং কর্নার চালুর প্রথম এক মাসে ১৩৫ জন মা সেবা নিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পতেঙ্গা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ নগরীর আরও গুরুত্বপূর্ণ স্থানে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহনেওয়াজ মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন