প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
হত্যার অভিযোগ এনে দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। জড়িতদের আটক করা হয়েছে। রোববার দুপুর ২টার পরে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করে পুলিশ। বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করে এসআরবি। ধারণা করা হচ্ছে আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ। সকল প্রক্রিয়া শেষে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহত অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন