প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার বার্থ অপারেটিং কার্যক্রম পরিচালনায় আর্থিক সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বার্থ অপারেটররা। এ অবস্থায় চুক্তি দরের সঙ্গে বর্তমান বর্ধিত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে দর বাড়ানোর দাবি জানিয়েছে বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বিওএসটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, ২০২২ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের কনটেইনার বার্থ অপারেটিংয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) দরপত্র আহ্বান করা হয়। সে সময়কার জ্বালানি তেল ও অন্যান্য দ্রব্যমূল্যের বাজারদর বিবেচনায় নিয়ে হিসাব করে দর নির্ধারণ করে দরপত্র জমা দেন বার্থ অপারেটররা।
এরপর ২০২২ সালের ৫ আগস্ট হঠাৎ করে ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে চুক্তি দরের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
পরে ডিজেলের দাম আরও লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়। এতে দরপত্র দাখিলের সময়ের তুলনায় জ্বালানি তেলের দাম লিটারপ্রতি মোট ৪৯ টাকা বেড়ে যায়।
সর্বশেষ ২০ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি আরও ২০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা হয়েছে। সংগঠনটির দাবি, ২০২২ সালের ১৯ জানুয়ারি দরপত্র দাখিলের সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৮০ টাকা। সে হিসাবে বর্তমানে দাম বেড়েছে ৫৫ টাকা বা প্রায় ৬৯ শতাংশ।
চিঠিতে আরও বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সদস্য বার্থ অপারেটরদের পক্ষে আর্থিক সংকট মোকাবিলা করে বার্থ অপারেটিং কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পুরোপুরি পরিবহননির্ভর হওয়ায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে এ খাতে।
এ অবস্থায় দেশের অন্যান্য খাতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য সমন্বয় করা হয়েছে দাবি করে কনটেইনার হ্যান্ডলিংয়ের চুক্তি দরের সঙ্গে বর্তমান বর্ধিত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে দর বৃদ্ধির ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন