বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৬:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

ছবি; সংগৃহিত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও এর ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষায় নীতি নির্ধারণে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাস। রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ককাসের প্রথম বৈঠকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি ও অন্যান্য সদস্যরা। 
একইসঙ্গে বাস্তুচ্যুতি রোধে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং এর ফলে উদ্ভূত বাস্তুচ্যুতি সংক্রান্ত সমস্যা মোকাবিলায় ককাসের সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণের দৃঢ় ব্যক্ত করেন। 
জলবায়ু সংকট মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ককাস। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী সমন্বয় কমিটি গঠন করার আনুষ্ঠানিক পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে আরও জানানো হয়, জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি নিয়ে আয়োজিত আসন্ন কর্মশালায় ককাসের সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 
এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন এবং বাস্তুচ্যুতি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও নীতি-নির্ধারণী প্রোগ্রামে সংসদীয় ককাসের সদস্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে অংশ নেন, ককাসের সদস্য এমপি মো. আমিরুল ইসলাম খান, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. আনোয়ারুল হক, রুমিন ফারহানা ও মারজিয়া বেগম।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন