প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বের সব আলো এখন দুই প্রজন্মের দুই মহাতারকার দিকে, একদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। শিরোপার লড়াইয়ের আগে প্রতিপক্ষের এই তরুণ তারকাকে প্রশংসায় ভাসালেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে নারাজ আর্জেন্টাইন অধিনায়ক।
নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি। সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অল্প বয়সেই স্পেনের এই উইঙ্গার বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি অনেক দিন ধরেই তাকে অনুসরণ করছি। সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি খুব ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম আইকনে পরিণত হয়েছে। তার সামনে অনেক দীর্ঘ পথ পড়ে আছে, ইতিহাস গড়ারও দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’
সংবাদ সম্মেলনে উঠে আসে ইয়ামালের শৈশবের সেই বহুল আলোচিত ছবির প্রসঙ্গও, যেখানে ছোট্ট ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন মেসি। সেই স্মৃতি মনে করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘যখন ওর সঙ্গে আমার ছবি তোলা হয়েছিল, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব, এটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কখনও কখনও এমন গল্পও লিখে। এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
তবে প্রশংসার পাশাপাশি প্রতিপক্ষকে স্পষ্ট বার্তাও দিয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি।
মেসি বলেন, ‘আমি চাই ইয়ামালের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব, যেন সে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে। অবশ্য সেটা সহজ হবে না। স্পেনের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দারুণ। তবে আমাদেরও নিজেদের শক্তি ও পরিকল্পনা রয়েছে।’
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে মেসির এমন মন্তব্যে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। একদিকে অভিজ্ঞতার প্রতীক মেসি, অন্যদিকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচিত ইয়ামাল—দুজনকে একই মাঠে দেখা এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর একটি।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন