রবিউল হাসান রবি, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৮:৫০ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর সান জেনারেল হাসপাতালে পরিদর্শনে নানা অনিয়ম, জরিমানা ৫০ হাজার টাকা

ফেনীর সোনাগাজীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শন দল। এসব অনিয়মের কারণে সান জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ফেনীর সিভিল সার্জনের কাছে পাঠানো পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে সোনাগাজীর সান জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের ফার্মেসির লাইসেন্স পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া তথ্য কর্মকর্তার উপস্থিতি পাওয়া যায়নি। এক্স-রে মেডিকেল টেকনোলজিস্ট/রেডিওলজিস্টও উপস্থিত ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এক্স-রে কক্ষের দরজায় ১০ মিলিমিটার লেড সুরক্ষা ব্যবস্থা পাওয়া যায়নি। প্রশিক্ষণ ছাড়াই একজন ব্যক্তি স্যাম্পল সংগ্রহের কাজ করছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া লেবার কক্ষে এসি ব্যবস্থা না থাকা, অপারেশন থিয়েটারে অপরিষ্কার ফেস মাস্ক পাওয়া, অটোক্লেভ পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান না থাকা, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি না থাকা এবং ল্যাবে মেডিকেল টেকনোলজিস্টের উপস্থিতি না পাওয়ার বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।

পরিদর্শন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ল্যাবে কোয়ালিটি কন্ট্রোল (Q/C) করা হয় না এবং প্রয়োজনীয় SOP পাওয়া যায়নি। অপারেশন থিয়েটারে নাইট্রোজেনও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদনে সান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০২৩-২৪ সাল পর্যন্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পরিদর্শন শেষে বিভিন্ন অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ওই প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সান জেনারেল হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন