প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ফেনীর পরশুরামে পাওনা টাকা না পাওয়ার অভিযোগে এক নারী থানায় যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ওই নারী থানায় গিয়ে ধর্ষণ বা গণধর্ষণের কোনো অভিযোগ করেননি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাতে সিএনজির লাইনম্যান ইমন ওই নারীকে তার পরিচিত ইসমাইল হোসেন শুভর ভাড়া বাসায় নিয়ে যান। পরে তাকে কোলাপাড়া-যুগীগ্রামের একটি ভাড়া করা কক্ষে নেওয়া হয় বলে জানা গেছে।
পরদিন সকালে ওই নারী পরশুরাম মডেল থানায় গিয়ে জানান, লিমা আক্তারের কাছে তার ১৬ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা উদ্ধার করে দিলে তিনি চলে যাবেন। তিনি নিজেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাসিন্দা বলে পরিচয় দেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ইমনকে গ্রেপ্তারের চেষ্টা করলেও তিনি পালিয়ে যান। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইসমাইল হোসেন শুভ ও তার স্ত্রী লিমা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ওই নারীকে ৪ হাজার টাকা দেওয়া হলে তিনি চলে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ওই নারী খদ্দেরের কাছ থেকে টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে প্রকৃত ঘটনা ও জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন