প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ০১:১০ এ এম

অনলাইন সংস্করণ

ফেনীর লালপোলে ৫০ পিস ইয়াবাসহ এক তরুণ আটক, মামলা দায়ের

সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি  : ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর হোসেন রবিন (২১) নামে এক তরুণকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টার মধ্যে লালপোলস্থ মিলন ভলকানাইজিং দোকানের সামনে এই তল্লাশি চালানো হয়।
​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানকারী দল মহাসড়কের পশ্চিম পাশের চিহ্নিত ওই স্থানে অবস্থান নেয়। ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় রবিনকে ঘিরে ফেলে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে প্রায় ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
​আটককৃত রবিন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজারী (০৭ নং ওয়ার্ড, জহিরুল হকের নতুন বাড়ি) এলাকার মোঃ নুরুল হক ও জোছনা বেগমের পুত্র।
​অভিযান শেষেই ডিএনসি ফেনীর পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
​মাদকবিরোধী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, জেলায় মাদকের কোনো রূপ বিস্তার বরদাশত করা হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসির এই জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান নিয়মিত বজায় থাকবে।

মন্তব্য করুন