বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ ডেপুটি স্পিকারের

ছবি; সংগৃহিত

জেলার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার ঘটনাকে সরাসরি ‘বৃক্ষ হত্যা’ আখ্যা দিয়ে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
এ ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আজ জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলার বাবনি এলাকায় দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত গাছের চারা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। আমি বলবো, ‘এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। যারা এ কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
পরিবেশের ভারসাম্য ও জীবনের সুরক্ষায় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্বৃৃত্তদের এমন কর্মকাণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচি কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। অশুভ শক্তির অপচেষ্টার জবাবে ওই একই স্থানে নতুন করে আরও ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ঘোষণা দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে প্রতিটি চারা রক্ষা ও সঠিক পরিচর্যার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রশাসনের ওপর চরম অসন্তোষ প্রকাশ করে ডেপুটি স্পিকার সরাসরি নির্দেশ দিয়ে বলেন, ‘প্রশাসনের দায়িত্ব ছিল— কে বা কারা এই গাছগুলোকে হত্যা করেছে, তা দ্রুত খুঁজে বের করা। কিন্তু দুই দিন চলে গেলেও তারা কিছুই করতে পারেনি। আমি নির্দেশ দিচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাছ হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’
উপস্থিত জনতা ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘এই গাছগুলো শুধু সরকারের সম্পদ নয়, এগুলো আমাদের সবার সম্পদ। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।’ তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিক সমাজসহ সর্বস্তরের জনগণকে গাছ সুরক্ষায় পাহাদার হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক দিকনির্দেশনায় গত ৫ আগস্ট স্থানীয় যুবদল ও ছাত্রদলের তত্ত্বাবধানে বাবনি এলাকায় সড়কের পাশে পাঁচ শতাধিক চারা রোপণ করা হয়েছিল। সেখান থেকে গত ২৫ আগস্ট রাতে ৩৫টি চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে দুর্বৃত্তরা।
চারা রোপণ কর্মসূচিতে ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/ডেস্ক
 

মন্তব্য করুন