প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে তার সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংবিধান অনুযায়ী ইমিউনিটি ভোগ করেন। ফলে ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি সেগুলো পাবেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে সেই বিষয়টি উল্লেখ রয়েছে। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে এবং স্পিকার তা গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইন ও সংবিধান অনুসারেই সম্পন্ন হয়েছে।
সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে সমালোচনা ও অভিযোগের বিষয়ে তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। কেউ সমালোচনা বা অভিযোগ তুলতেই পারেন। তবে সরকার এমন কোনো অভিযোগ পায়নি, যা গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়, স্বৈরাচারী সরকারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের আমলেও মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন মেনেই দায়িত্ব পালন করেছেন। এ সময়ে সরকারও তার সহযোগিতা পেয়েছে। তাই তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দেওয়া বক্তব্যকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।
লন্ডনে চিকিৎসার সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপ হয়েছে—এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি কেবল সংবাদমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। কথা বলতে চাইলে দেশেই বসে যোগাযোগ করা সম্ভব।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব গ্রহণের আগের কোনো অভিযোগ থাকলে তা সে সময়কার বিষয়। সেসব অভিযোগ আইন অনুযায়ী যেভাবে নিষ্পত্তি হওয়ার, সেভাবেই হবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন