প্রকাশিত: ৩০ আগষ্ট, ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ ব্রিফিং করবেন।
এর আগে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষক রনজিলা পারভীন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন