প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সারাদেশে হাম পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন শিশু।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। গত একদিনে ১ হাজার ৬৩১ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৮ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে এবং ৩ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে- যার মধ্যে ৪০৫ জন সন্দেহভাজন এবং ৮৩ জন নিশ্চিত রোগী।
এদিকে, সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।
চলতি বছরের ২৬ এপ্রিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল, সেদিন ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।
বাংলাধারা/এসআর
মন্তব্য করুন