জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই যুবক ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। গত ২৪ ঘন্টায় বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া গামী ডমুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে জেলা পুলিশ । গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উমর আলী (২৩), লালু মিয়া (২৬) ও বিজয় মিয়া (১৭)। তারা তিনজনই শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার বাসীন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া যাওয়ার পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় উমর আলীর নেতৃত্বাধীন ওই চোরাচালান চক্রের দুই সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/ডেস্ক
মতামত