প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বাজারে চলতি সপ্তাহে নতুন করে বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে সবচেয়ে বেশি উত্তাপ। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। অধিকাংশ সামুদ্রিক মাছ কিনতে কেজিতে গুনতে হচ্ছে হাজার টাকার বেশি।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
বাজারে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কম দামের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও এখন ২০০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা দরে।
মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা।
এদিকে রূপচাঁদা, বড় শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে কেজিপ্রতি হাজার টাকারও বেশি খরচ হচ্ছে।
মোহাম্মদপুর টাউন হলের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, সামুদ্রিক মাছের সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। বর্তমানে মান ও আকারভেদে ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা ৮৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের পাশাপাশি বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘এ সপ্তাহে মুরগির দাম গত সপ্তাহের মতোই আছে। প্রতিদিন কেজিতে ৫ থেকে ১০ টাকা ওঠানামা করে।’
মাছ কিনতে আসা রুবেল আহমেদ বলেন, ‘মাছের দাম নাগালের বাইরে। প্রতিটি মাছের দামই বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্তরা খুব কষ্টে আছে।’
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন