বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১০:২০ এ এম

অনলাইন সংস্করণ

চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষ, চালক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজার থানার আগে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহতের গ্যারেজ মালিক রতন জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, ঊর্ধ্ব রোড মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দবির গুরুতর আহত হন। দুর্ঘটনায় জড়িত অপর অটোরিকশার চালক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলেও সেখানে রেখে চলে যান।

খবর পেয়ে রতন হাসপাতালে গিয়ে দবিরের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে কিছুটা সুস্থ মনে হওয়ায় তাকে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে আবার তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক দবিরকে মৃত ঘোষণা করেন।

রতন জানান, নিহত দবির আহমেদের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুড়া থানার অষ্টমনিষা গ্রামে। তার বাবার নাম সোহরাব প্রামাণিক। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের মাহদীনগর এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে দবির আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন