বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামী বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি আন্দোলনের ঘটনাপ্রবাহ, এতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস তুলে ধরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতেই এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সংরক্ষণের সুযোগ তৈরি হবে।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ফলে ৫ আগস্ট উদ্বোধনের পরদিন থেকেই সাধারণ দর্শনার্থীরা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের সুযোগ পাবেন।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন