বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ছবি; সংগৃহিত

 লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ শাকচর ইউনিয়নের কাচারিবাগ এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ আরও এক শিশুর সঙ্গে গোসল ও সাঁতার কাটার জন্য ঘরের পাশের পুকুরে যায়। তারা প্রতিদিন ওই পুকুরে টিউবের সাহায্যে ভেসে গোসল ও সাঁতার শেখার চেষ্টা করত।
ঘটনার দিন গোসল শেষে অন্য শিশুটি পুকুর থেকে উঠে এলেও হামিদ আর উঠে আসেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা আব্দুল হামিদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন