প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগ ও ঘটনায় ৫০টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৫৭ জন করে, উত্তরা বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৯ জনকে।
নিয়মিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিনটি লোহার পাইপ, একটি কাটার ও একটি লোহার পাতও জব্দ করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার রাখতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন