বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:০২ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ছবি; সংগৃহিত

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ও বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।  সকাল ৯টায় তিনি ভীমরুলীর হাটে পৌঁছান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 
এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন। পরে ছোট নৌকায় ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারার স্বাদ নেওয়ার পাশাপাশি নৌকায় বসে হাটের বেচাকেনা ও বাগানের চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।
ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শনের পর ট্রলারে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয় তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।
তিনি আরও জানান, তাকে বলা হয়েছিল এখানকার গুরুত্বপূর্ণ একটি কথা হলো—‘পেয়ারা খাবেন?’। ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজারে এসে তিনি বুঝতে পেরেছেন, কথাটি সত্যিই যথার্থ। এখানকার মানুষ, নদী ও পেয়ারা বাগান ঘিরে গড়ে ওঠা এই অনন্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
বরিশালের ঐতিহ্য ও প্রকৃতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ কথাটি একদমই যথার্থ।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন