প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
দেশের ডিজিটাল পেমেন্ট সেবা খাতে নতুন করে যুক্ত হলো বাংলালিংক। অপারেটরটির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে অনুমোদিতভাবে ডিজিটাল পরিশোধ সেবা পরিচালনা করতে পারবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৫(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট জারি করা সংশ্লিষ্ট পত্রে উল্লেখিত শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে এই অনুমোদন দেওয়া হয়।
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি মূলত এমন প্রতিষ্ঠান, যারা ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পরিশোধ ও লেনদেনের সুযোগ তৈরি করে। অর্থাৎ গ্রাহকের অর্থ ডিজিটাল উপায়ে এক ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে যে ধরনের সেবা দেওয়া হয়, তারই একটি অংশ পিএসপি কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়ার ফলে নিও পিএসপি এখন দেশের পেমেন্ট সেবা খাতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। প্রতিষ্ঠানটি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান হওয়ায় টেলিযোগাযোগ খাতের পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবায়ও বাংলালিংকের উপস্থিতি আরও বিস্তৃত হলো।
নিও পিএসপির লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে দেশে অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে। এর আগে বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি ছিল ৯টি।
বর্তমানে কার্যরত পিএসপিগুলো হলো—আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকার্শন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।
ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার পাশাপাশি দেশে পেমেন্ট অবকাঠামোও দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন প্রতিষ্ঠান এই খাতে যুক্ত হওয়ায় গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টের সুযোগ আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি সেবার মান ও প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপির নতুন এই যাত্রা দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবা খাতের সেই সম্প্রসারণেরই একটি নতুন সংযোজন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন