বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৯ পিএম

অনলাইন সংস্করণ

ব্র্যান্ডিংয়ে সেরাদের সম্মান, ওয়ালটনের পুরস্কার পেলেন ৩২ জন

ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ সম্মাননা দেওয়া হয়েছে। ব্র্যান্ডের প্রচার, উদ্ভাবনী উদ্যোগ ও কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওয়ালটনের কার্যক্রমকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’-এ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন শুধু বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেও সমান গুরুত্ব দেয়। দেশের প্রতিটি প্রান্তে ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, ব্র্যান্ডিং একটি গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত নতুন ও বৈচিত্র্যময় ধারণার প্রয়োজন হয়। উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তরা ওয়ালটনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ওয়ালটনের এই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে মাঠপর্যায়ের কর্মী, ম্যানেজার ও পরিবেশকদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের বিশেষ অবদানকে স্বীকৃতি দিতেই ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

বাংলাধারা/শারমিন 

 

মন্তব্য করুন