বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ, বাড়ল সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত

ছবি: সংগৃহীত

মোটরযানের কাগজপত্র হালনাগাদে আরও সময় পেলেন গাড়ির মালিক ও চালকেরা। কোনো ধরনের জরিমানা ছাড়াই শুধু মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।

এর ফলে যেসব গাড়ির মালিক বা চালক নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র নবায়ন করতে পারেননি, তারা অতিরিক্ত জরিমানা ছাড়াই আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করার সুযোগ পাবেন।

তবে সরকার যেহেতু এটিকে শেষবারের মতো সময় বাড়ানো হিসেবে ঘোষণা করেছে, তাই সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই কাগজপত্র হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাধারা/শারমিন 

 

মন্তব্য করুন