প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় এসিসির নেতৃত্ব কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদটি এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে বণ্টিত হতো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও।
ফলে ভবিষ্যতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আফগানিস্তানও এসিসির সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পাবে। এ সিদ্ধান্তকে এশিয়ার ক্রিকেটে আফগানিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ও অবস্থানের স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে।
সভায় সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।
এদিকে তামিম ইকবালের জন্যও এবারের সভাটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি এসিসির কোনো সভায় অংশ নিলেন। প্রথম উপস্থিতিতেই তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া, সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ক্রিকেটের উন্নয়ন কার্যক্রম বিস্তৃত করার ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে তামিমের নতুন দায়িত্বকে এশিয়ার ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।
সভায় এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম।’ তার মতে, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন