বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:১০ এ এম

অনলাইন সংস্করণ

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের উন্মাদনার গল্প, পর্দায় আসছে ‘লাভ ৯৬’

ছবি: সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের আবেগ, উন্মাদনা আর ভক্তদের অকৃত্রিম ভালোবাসার গল্প এবার উঠে আসছে বড় পর্দায়। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। তার দুদিন আগে, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের আবহকে ইতিবাচকভাবে দেখেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সিনেমাটি নিয়ে ইভান মল্লিক বলেন, সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পাওয়ায় বোঝা যায়, এতে বিতর্কিত কিছু নেই। বরং সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া এক সময়কে।

সেই সময়ের জীবনযাপনই ‘লাভ ৯৬’-এর গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে দল বেঁধে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে প্রিয় গান শোনার দিনগুলো, সব মিলিয়ে নব্বইয়ের দশকের নস্টালজিয়াকে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

ঠিক সেই সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে সালমান শাহর। অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক। ১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিল অগণিত ভক্ত। তাকে হারানোর শোক সামলাতে না পেরে অনেক অনুরাগীর চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও তখন দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

সেই সময় ও বাস্তবতার আবহেই এক অন্ধ সালমানভক্তের জীবন, তার আবেগ ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে ‘লাভ ৯৬’-এর কাহিনি। ফলে সিনেমাটি শুধু একজন তারকাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র নয়, বরং একটি প্রজন্মের আবেগ ও স্মৃতিকে নতুন করে পর্দায় তুলে ধরার প্রয়াস।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। তাদের পাশাপাশি অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ আজও যে কতটা গভীর, তা নতুন করে মনে করিয়ে দিতেই যেন আসছে ‘লাভ ৯৬’। নব্বইয়ের সেই নস্টালজিয়া আর প্রিয় নায়ককে ঘিরে হারিয়ে যাওয়া উন্মাদনা কতটা আবেগঘনভাবে পর্দায় ধরা পড়ে, এখন সেটিই দেখার অপেক্ষা।

বাংলাধারা/শারমিন  

 

মন্তব্য করুন