বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

‘কুঁড়েঘর’ ব্যান্ডশিল্পী তাসরিফ খান নেপালের দুর্যোগে আটকা

ছবি; সংগৃহিত

বিনোদন জগতের ‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান নেপালে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যায় আটকা পড়েছেন। তিব্বত-চীন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ প্রলয়ংকারী ফ্ল্যাশ ফ্লাডে শত শত পর্যটক নিখোঁজ এবং বহু হতাহত পরিস্থিতি যখন উত্তাল, ঠিক তখনই সেখান থেকে নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিলেন তিনি।  দুর্যোগ পরিস্থিতিতে দেশে ও বিদেশে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হলেও তাসরিফ খান জানিয়েছেন, তারা সুস্থ ও নিরাপদে আছেন। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি বার্তায় উদ্বিগ্ন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসরিফ খান লিখেছেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদে আছি। নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে।’ 
এ ভয়াবহ দুর্যোগের খবরে একের পর এক ফোন ও বার্তার জবাবে এ সংগীতশিল্পী বলেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’
নেপালের উত্তরাঞ্চলে চীন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে শত শত ট্যুরিস্ট নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। নিজের সুরক্ষার খবরের পাশাপাশি নেপালের এ আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী। 
আটকেপড়া ও বিপন্ন মানুষকে দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়ে তাসরিফ খান বলেন, ‘এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বিপদগ্রস্ত মানুষকে দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান নিজের কাজ ও গান নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকেন। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন