বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২৫ পিএম

অনলাইন সংস্করণ

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি

ছবি; সংগৃহিত

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে হৃদয়ভাঙা বিদায় হয়েছিল এশিয়ান জায়ান্ট জাপানের। তাদেরকে হারানো ব্রাজিলের বিপক্ষে এবার প্রতিশোধের সুযোগ আসছে। ভিন্ন মহাদেশের এই দুটি দেশের দেখা হবে চারজাতি টুর্নামেন্টে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফিফার নভেম্বর উইন্ডোতে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্টে ব্রাজিল-জাপান ছাড়াও খেলবে স্বাগতিক সিঙ্গাপুর এবং আরেক লাতিন দেশ প্যারাগুয়ে। ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪ দেশের এই প্রতিযোগিতা।
বার্তা সংস্থা এএফপিকে টুর্নামেন্টের আয়োজকরা এই খবর নিশ্চিত করেছেন। তাদের তথ্যমতে, সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। পরদিন (১৪ নভেম্বর) জাপান-ব্রাজিল মুখোমুখি হবে। আর ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। 
প্রতিযোগিতার শেষ দিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। দিনের অপর ম্যাচে জাপান ও প্যারাগুয়ের মুখোমুখি হবে। অবশ্য এর আগে আরেকবার এশিয়ান ভূমিতে পা রাখবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল ভারত সফরে প্রীতি ম্যাচ খেলবে। কলকাতার সল্টলেকে তারা আগামী ৩ অক্টোবর খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ টুর্নামেন্টের আয়োজক ‘দ্য কাল্লাং গ্রুপ’ ও ‘ডেন্টসু স্পোর্টস ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, সিঙ্গাপুর ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদযাপনের লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গ্রুপটির সিওও এবং সিইও ড্যারিল ইও জানিয়েছেন, আমাদের বিশেষ বা ‘সিগনেচার’ ইভেন্টের পরিসর বাড়ানোর অংশ হিসেবে আয়োজিত এই উদ্বোধনী টুর্নামেন্ট সিঙ্গাপুরে শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আসা এবং ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একত্রিত হওয়ার সুযোগ তৈরির ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন