প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ১১:২১ এ এম
অনলাইন সংস্করণ
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর মডেল থানাধীন লালপোল এলাকার স্টারলাইন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে লালপোলস্থ চট্টগ্রামগামী স্টারলাইন বাস কাউন্টারের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নাজমা বেগম প্রকাশ নাছিমা (৪৫): চট্টগ্রাম সিএমপির কোতোয়ালী থানাধীন বকসীর হাটের সাইফুদ্দিনের কলোনী ও বাকলিয়া থানাধীন শর্শা রোড এবং কুমিল্লা বুড়িচংয়ের স্থায়ী বাসিন্দা। তিনি পিতা মৃত কাজেম আলী ও মাতা মৃত রমুজা খাতুনের মেয়ে।
শরিফা বেগম (৩৩): চট্টগ্রাম সিএমপির কোতোয়ালী থানাধীন সাইফুদ্দিনের কলোনী ও বাকলিয়া থানাধীন মিয়াখান নগরের বাসিন্দা। তিনি মৃত ওহিদ মিয়া ও জামিলা বেগমের মেয়ে এবং মো. ইসমাইলের স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদককারবারিরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাংলাধারা/মাহমুদউল্লাহ সাইফ
মন্তব্য করুন