প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪২ এ এম
অনলাইন সংস্করণ
সীমাবদ্ধতার ভেতরেও ইচ্ছা, নিষ্ঠা আর নিখাদ অনুভূতি দিয়ে যে বড় গল্প বলা যায়, তারই উদাহরণ তরুণ নির্মাতা আসাদুল্লাহিল গালিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোয়ার’। ৩১ আগস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে। ‘জোয়ার’-এর গল্প আবর্তিত হয়েছে একজন লেখক ও সাংবাদিককে ঘিরে। লেখনীর মাধ্যমে তিনি সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। তার সেই প্রতিবাদী কণ্ঠই একসময় হয়ে ওঠে তার জন্য বিপদের কারণ। একপর্যায়ে তাকে গুম করা হয়।
পরে হত্যা করে তার মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সেই ঘটনার মধ্য দিয়ে সিনেমাটিতে উঠে এসেছে গুম হয়ে যাওয়া মানুষদের নির্মম পরিণতি এবং তাদের স্বজনদের অফুরান অপেক্ষার গল্প। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর প্রেক্ষাপটকে ধারণ করেছে ‘জোয়ার’।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গুমের ঘটনা তদন্তে গঠিত ‘কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ দেড় হাজারের বেশি গুমের সত্যতা নিশ্চিত করে। নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষা, অনিশ্চয়তা আর দীর্ঘদিনের যন্ত্রণাই সিনেমাটির গল্পে ভিন্ন মাত্রা পেয়েছে।
গুম, নিখোঁজ স্বজন আর অপেক্ষার গল্প নিয়ে নির্মিত ‘জোয়ার’ ইতোমধ্যে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজনে। সর্বশেষ ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ ‘ন্যাশনাল শর্ট’ বিভাগে সিনেমাটি অর্জন করেছে ‘বিআইএফএফ সেরা চলচ্চিত্র পুরস্কার’।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন