প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক প্রতিবন্ধী শিশুসহ দুজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলার পলাশবাড়ি ও সাদুল্লাপুরে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদরের বাঁশঝাড় এলাকার ফয়জার আলীর ছেলে মাসুদ রানা। মাসুদ রানা দুর্ঘটনার কবলে পড়া হেলথ কেয়ার ওষুধ কোম্পানির মাইক্রোবাসটির চালক ছিলেন। এতে আহত অপরজনের নাম সামিউল ইসলাম। সামিউল একই কোম্পানির সেলস ম্যানেজার ছিলেন।
অন্যদিকে, সাদুল্লাপুরে বাসের ধাক্কায় নিহত গোলাম রব্বানী (৩৫) সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক ছিলেন। এতে আহত হয়েছে তার ১২ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আরবী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধায় ফিরেছিল। অপরদিকে পলাশবাড়িগামী হেলথ কেয়ার ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাস গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মাসুদ রানার মৃত্যু হয়। এ ঘটনায় সেলস ম্যানেজার সামিউল ইসলাম গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতলে ভর্তি করেন।
গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনাস্থলে থাকা পলাশবাড়ি থানার এসআই হারুন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে পলাশবাড়ির থানায় নেওয়া হয়েছে। জমিতে পড়া বাসটি উদ্ধারে কাজ চলছে।
অপরদিকে, জেলার সাদুল্লাপুরে ঢাকাগামী ফাতেমা পরিবহনের একটি কোচের ধাক্কায় সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রব্বানী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তার প্রতিবন্ধী শিশু সন্তান আরবী আহত হয়। একইদিন সকাল ৯টার দিকে উপজেলার সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, ফাতেমা পরিবহনের কোচটি ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিং হচ্ছিল। এসময় রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার প্রতিবন্ধী শিশু আরবী ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ দুর্ঘটনায় উত্তেজিত স্থানীয়রা বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় বাসটি রক্ষা পায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই আবু তালেব ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেলচালক গোলাম রব্বানীর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা গেছেন। তার প্রতিবন্ধী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন