বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩২ এ এম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে একাধিক মামলার আসামি ওসমান গনি গ্রেপ্তার

ছবি; সংগৃহিত

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে একাধিক মামলার আসামি ও ‘পেশাদার জুয়াড়ি’ হিসেবে পরিচিত মো. ওসমান গনিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আকমল আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওসমান গনি ইপিজেড থানা এলাকার একজন চিহ্নিত জুয়াড়ি। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে নির্জন ও দুর্গম স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়ে আসছিলেন। জুয়ার ঘর নির্মাণ, জুয়াড়িদের প্ররোচিত করা এবং তাদের আশ্রয় দিয়ে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইপিজেড থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওসমান গনির বিরুদ্ধে জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে ইপিজেড থানাতেই ৩টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালে ও চলতি বছরে তার বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭-এর বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়েছিল। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) জুয়া খেলা, আসর পরিচালনা ও অপরাধে সহায়তার অভিযোগ এনে তার বিরুদ্ধে নতুন আরও একটি মামলা দায়ের করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ছিল। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন