বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৩ পিএম

অনলাইন সংস্করণ

সাপে কামড়ালে ঝাড়ফুঁক নয়, দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান

ছবি; সংগৃহিত

সচেতনতা ও দ্রুত চিকিৎসার মাধ্যমে সর্পদংশনে আক্রান্ত মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সেইসঙ্গে সাপ কামড় দেওয়ার পর আতঙ্কিত না হয়ে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া, এমওডিসি ডা. নুরুল হায়দারসহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, ২৫০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জানানো হয়, সর্পদংশন একটি জরুরি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যঝুঁকি। সাপ কামড় দেওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। এ সময় ক্ষতস্থানে কাটাকাটি বা চোষা, আগুন কিংবা রাসায়নিক প্রয়োগ এবং ঝাড়ফুঁক না করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া আক্রান্ত অঙ্গ শক্ত করে দড়ি বা রশি দিয়ে না বাঁধার জন্যও সতর্ক করা হয়। সাপ কামড়ালে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সেখানে প্রয়োজনীয় অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) মজুত রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সর্পদংশন নিয়ে কুসংস্কার ও ভুল চিকিৎসা পরিহার করে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন