বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

বাড়ির ছাদ থেকে বল্লম নিক্ষেপ, গলায় বিঁধে বৃদ্ধ নিহত

ছবি; সংগৃহিত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে।
এই ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহতের পরিবারের দাবি, সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। ওই সময় মান্নান গ্রুপের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদের উপর থেকে বল্লম ছুড়ে মারেন। বল্লম সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে যায়। পরে পরিবারের লোকজন হালিম সর্দারের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বারের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারলে হালিমের গলায় লেগে হালিম ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন