প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ
পর্দায় নতুন জুটির রসায়ন যখন দর্শককে টানে, তখন সেই কাজ নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে তেমনই নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তাদের নতুন নাটক ‘তোমার ঠিকানায়’। প্রকাশের মাত্র ছয় দিনের মাথায় নাটকটি এক কোটি (১০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে।
ইউটিউবের মন্তব্য ঘরে চোখ বুলালেই বোঝা যায় নাটকটি কেন দর্শকদের এত ভালোবাসায় ভাসছে। শুধু দেশেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের দর্শকরাও নাটকটির প্রশংসায় পঞ্চমুখ। এক ভারতীয় দর্শক লিখেছেন, ‘আমি ইন্ডিয়ান হয়েও বলছি, আমাদের ইন্ডিয়ার বাংলা নাটক সংসার ভাঙতে শেখায়, আর বাংলাদেশের নাটক সংসার জোড়া লাগাতে শেখায়। সত্যি বাংলাদেশের নাটকগুলো অনেক ভালো লাগে এবং অনেক কিছু শেখার আছে।’
আবার অনেকে আবেগাপ্লুত হয়ে নাটকটির সংলাপ ও দৃশ্যায়ন নিয়ে কথা বলেছেন। এক দর্শক লিখেছেন, ‘শেষের দৃশ্য দেখে আমি কান্না করে ফেলেছি, সত্যি অসাধারণ একটা নাটক।’
খায়রুল-সাদনিমা জুটির রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছে, তা প্রকাশ পেয়েছে মন্তব্যের ঘরেই। পারিবারিক আবহের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন এবং চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।
নাটকটিতে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ আরও অনেকে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন