বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১১:০৯ এ এম

অনলাইন সংস্করণ

আপিল বিভাগের রায়: শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী

ছবি: সংগৃহিত

ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনী ফলাফলও প্রকাশ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন মামলার শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মামলার নথি অনুযায়ী, ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল দায়ের করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন।

তবে একই আদেশে আদালত আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ ও কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হন। কিন্তু আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সর্বশেষ মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মাধ্যমে তার নির্বাচনী ফলাফল প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথও বন্ধ হয়ে গেল।

বাংলাধারা/শারমিন
 

মন্তব্য করুন