প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বনানী এলাকায় চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) একের পর এক ট্রেন আটকা পড়ে। ঢাকায় আসার কথা থাকা ট্রেনগুলোও বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষায় ছিল।
বৃহস্পতিবার ভোরের দিকে বনানী এলাকায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে দায়িত্বশীল সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে। পরে উদ্ধারকাজ শেষে সকাল ১০টা থেকে দুটি লাইন দিয়েই ট্রেন চলাচল শুরু হয়।
সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের শিডিউল বোর্ডে দেখা যায়, দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার, লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস, চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে ছিল।
এছাড়া বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনেও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন দাড়িয়ে থাকার কথা জানা যায়।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কবির হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, বনানীর দিকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার একটি কনটেইনার ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছিল। এতে ওই এলাকায় ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হয়। এখন দুটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণে যেসব ট্রেন বিলম্বের মধ্যে পড়েছিল, সেগুলোও ধীরে ধীরে চলাচল শুরু করেছে। একদিকে ট্রেনগুলো সিরিয়াল অনুযায়ী চলছে, অন্যদিকে দুই দিকের ট্রেনও পর্যায়ক্রমে চলাচল করছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন