প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে দুইটি অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে টেকনাফ থানার মিঠাপানির ছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।
অন্যদিকে, বুধবার টেকনাফ থানার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন